হাফেজ জয়নাল আবেদীনের ব্লগ সাইটে আপনাকে স্বাগতম

ঢাকা পর্বে আধিপত্য দেখাতে চায় কুমিল্লা

ঢাকা পর্বে আধিপত্য দেখাতে চায় কুমিল্লা

বিডিজয়নাল ডেস্ক ● সিলেট পর্ব শেষে ঢাকায় ফিরেই অনুশীলনে ব্যস্ত হয়ে পড়েছে ফ্রাঞ্ছাইজিগুলো। পুরোদমে চলছে অনুশীলন। চট্টগ্রামকে হারিয়ে আসরে একটি দাপুটে জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ঢাকা পর্বেও সে ধারাবাহিকতা ধরে রাখার আশা তাদের। কুমিল্লার মত চট্টগ্রামও সিলেট পর্বের ভুল শুধরে ভাল করতে চায় ঢাকায়। অন্যদিকে, সিলেট সিক্সার্সকে রুখে দেয়া খুলনাও চায় ঢাকায় সবকটি ম্যাচে জিতে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকতে।
বিপিএলে শুরুটা সিলেটের কাছে হার দিয়ে হলেও, পরের ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চিটাগং ভাইকিংসকে ৮ উইকেটে হারিয়ে সিলেট পর্ব শেষ করেছে মোহাম্মদ নবীর দল।
রানের ফোয়ারা ছুটেছে স্যামুয়েলস, জস বাটলারদের ব্যাট থেকে। তবে, বিদেশিদের সঙ্গে সে ভাবে পাল্লা দিয়ে এগোতে পারছেন না লিটন দাস, ইমরুল কায়েসরা।
ঢাকা পর্বে এসেই জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় কুমিল্লা। সিলেটে ব্যাটিং সহায়ক উইকেট হলেও, ঢাকার উইকেট একটু আলাদা। তবে, প্রথম দিন ম্যাচ না থাকায় ঢাকার উইকেট দেখে নেয়ার সুযোগ থাকছে কুমিল্লার সামনে।
সিলেটে দুই ম্যাচ খেলে মাত্র একটি উইকেট পেয়েছেন আলআমীন। তবে, এ ম্যাচে আরো ভাল কিছু করতে চান এই পেসার।
‘চেষ্টা করবো জয়ের ধারা অব্যাহত রাখতে এবং এর জন্য প্রাকটিসে যা যা করা দরকার সেগুলো চালিয়ে যাওয়ার চেষ্টা করবো। সত্যি কথা বলতে গেলে, সিলেটের উইকেটটা ব্যাটিং সহায়ক ছিলো, অনেক রান হয়েছে। ঢাকায় এখনো খেলা হয়নি। আমাদের খেলা ১২ তারিখে (১২ নভেম্বর), তো আমরা আগের ম্যাচগুলো দেখলে বুঝতে পারবো উইকেট কেমন হবে।’ বলছিলেন আল আমিন।
অন্যদিকে, প্রথম ম্যাচে এই কুমিল্লার কাছেই হারের তিক্ততা পাওয়া চিটাগং, দ্বিতীয় ম্যাচে রংপুরকে ১১ রানে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে।
দুই ম্যাচেই ব্যাট হাতে আলো ছড়িয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান লুক রঙ্কি। মূলত দ্বিতীয় ম্যাচে তার ৭৮ রানে চড়েই জয়ের সুবাতাস পেয়েছে চট্টগ্রাম। ঢাকা পর্বে আলাদা ভেন্যু ও ভিন্ন কন্ডিশন হলেও, ধারাবাহিকতা ধরে রাখতে চান এই কিউই ব্যাটসম্যান।
রঙ্কি বলেন, ‘সিলেটের মত ঢাকায় অনেক রান করতে চাই। এখানে ম্যাচগুলো আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। একটা ম্যাচ হেরেছি আমরা। তবে, ঢাকায় সে ভুল শুধরে সব ম্যাচেই জয় পেতে চাই।’
বিপিএলে এবার উড়তে থাকা সিলেটকে কে থামাবে, এ নিয়ে যখন আলোচনা। তখন কঠিন এই কাজটাই করে দেখিয়েছে খুলনা টাইটান্স।
ঢাকার কাছে ৬৫ রানে হারের পর সিলেট পর্বের শেষ ম্যাচে স্বাগতিকদের ৬ উইকেটে হারিয়েছে দক্ষিণাঞ্চলের দলটি। মাহমুদুল্লাহ’র সুনিপুণ নেতৃত্বে ঢাকা পর্বেও দাপট ধরে রাখার আশা খুলনার।
খুলনা টাইটান্সের ক্রিকেটার ইয়াসির আলী রাব্বি, ‘টিমের অবস্থা খুবই ভালো। গতম্যাচে আমরা দারুণ একটা জয় পেয়েছি। আমাদের টিমের যে আত্মবিশ্বাস এবং সবার মধ্যে যে বন্ধনটা সেটার বিচারে আমরা খুব তাড়াতাড়ি একটা টিম ইউনিট হয়ে উঠেছি। আমার মনে হয়, ঢাকা পর্ব খুবই উত্তেজনাপূর্ণ হবে এবং ভালো হবে।’
১২ নভেম্বর প্রথম ম্যাচে চিটাগংয়ের মুখোমুখি হবে খুলনা। দ্বিতীয় ম্যাচে রাজশাহীর প্রতিপক্ষ কুমিল্লা।
Share This